১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে হাতির আক্রমণে পল্লি চিকিৎসকের মৃত্যু

ইদ্রিস মিয়া হাতি তাড়ানোর সময় খুব কাছাকাছি চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড়ে পেঁচিয়ে পদপিষ্ট করে।

ময়মনসিংহে হাতির আক্রমণে পল্লি চিকিৎসকের মৃত্যু

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 01:43 AM

Updated : 03 May 2023, 01:43 AM

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় বন্যহাতির আক্রমণে এক পল্লি চিকিৎসক মারা গেছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার গাবরাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইদ্রিস মিয়া (৫০) উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।

গাজিরভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, গাবরাখালী সীমান্ত এলাকায় ৩০ থেকে ৩৫টি হাতি দলবেঁধে ধান ক্ষেতে নেমে আসে। ফসল রক্ষায় কান্দাপাড়া গ্রামের মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করে।

“পল্লি চিকিৎসক ইদ্রিস মিয়া হাতির খুব কাছাকাছি চলে যাওয়ায় একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড়ে পেঁচিয়ে পদপিষ্ট করে।”

মান্নান বলেন, পরে লোকজনের ধাওয়ায় হাতির দল সরে গেলে ইদ্রিস মিয়াকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে কিচুক্ষণ পর তার মৃত্যু হয়।

হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, “হাতির আক্রমণে একজনের মৃত্যুর বিষয়টি শুনে এলাকায় পুলিশ পাঠিয়েছি।”

হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।