১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুয়াশায় পাটুরিয়া ঘাটে আটকে অ্যাম্বুলেন্সেই মৃত্যু

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা শেষে মেহেরপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 09:41 AM

Updated : 02 Jan 2023, 09:41 AM

ঘন কুয়াশার মধ্যে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আটকা পড়া এক অ্যাম্বুলেন্সে হাসপাতাল ফেরত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

নজরুল ইসলাম নামের ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি মেহেরপুর সদর উপজেলার মৃত নবী মণ্ডলের ছেলে। ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা শেষে মেহেরপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত আড়াইটায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে নজরুল ইসলামকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পাটুরিয়ার ৩ নম্বর ফেরি ঘাটে পৌঁছায়।

“নজরুল ইসলাম ঢাকার বক্ষব্যাধি হাসপাতাল ভর্তি ছিলেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আশা না দেখে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। বাড়িতে পৌঁছানোর আগেই ঘাটে অ্যাম্বুলেন্সের ভেতরে তার মৃত্যু হয়। কুয়াশা প্রাকৃতিক দুর্যোগ, এ বিষয়ে তো কারো হাত নেই।”