নরসিংদীর চরাঞ্চলে সংঘাত বন্ধে ‘কম্বিং অপারেশন’ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বাহিনীর মনোবলও ‘চাঙ্গা হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে যৌথবাহিনীর ‘কম্বিং অপারেশন’ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার আছে। আগে যেখানে টেঁটা ছিল এখন আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে।
“তাই যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনী- পুলিশ-র্যাব মিলে কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।”
গত বছর জুলাই অভ্যুত্থানের পর নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে তিনি বলেন, লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার হয়েছে এবং জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। উদ্ধার না হওয়া অস্ত্র এবং পলাতক আসামিদের ধরতে কাজ করা হচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বাহিনীর মনোবলও ‘চাঙ্গা হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনে বৃক্ষরোপন করে হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
পাশাপাশি পুলিশের প্রশিক্ষণের মান বাড়ানোর কথাও বলেন তিনি।
