০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজি-মারপিটের মামলায় আসামি সাবেক এমপি রুহী

মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদাবাজি-মারপিটের মামলায় আসামি সাবেক এমপি রুহী
নেত্রকোণা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 09:59 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

নেত্রকোণা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে। 

মঙ্গলবার কলমাকান্দা থানায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল খালেকসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রানা মিয়া (২৮) উপজেলার কৈলাটী ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে।

কলমাকান্দা থানার ওসি মো. জালাল উদ্দীন বলেন, উপজেলার বড়খাপন ইউনিয়ন পরিষদের সদস্য ও নয়াপাড়া গ্রামের বাসিন্দা শাহীনুর আলম শাহীন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ১৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মোশতাক আহমেদ রুহীর নির্দেশে তার লোকজন এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা উপজেলার যাত্রাবাড়ি বাজার সংলগ্ন গুমাই নদীর ফেরি ঘাটে অবস্থান নিয়ে চলাচলকারী মালামালবাহী ও যাত্রীবাহী নৌকা থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন নিয়মিতভাবে। চাঁদা না দিতে চাইলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। 

সোমবার দুপুরে ওই নদী দিয়ে বালু-পাথর নিয়ে যাওয়ার সময় রুহীর লোকজন নৌকার দুইজন মালিককে আটকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের মারধর ও রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

কলমাকান্দা থানার ওসি মো. জালাল উদ্দীন বলেন, মামলার আসামি রানা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে ১২ অগাস্ট দুর্গাপুর থানায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে প্রধান আসামি করে চাঁদাবাজি, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ এনে আরেকটি মামলা করেন দুর্গাপুর দক্ষিণপাড়া এলাকার মিঠুন দত্ত নামে এক ব্যক্তি। 

এতে দুর্গাপুর পৌরসভার মেয়র আবদুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকেও আসামি করা হয়েছে।