Published : 24 Mar 2026, 11:41 PM
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় শিকারির গুলিতে আহত একটি ক্রেস্টেড সার্পেন্ট ঈগল উদ্ধারের পর চিকিৎসা দিয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি বন বিভাগের আওতাধীন মাটিরাঙ্গা রেঞ্জ অফিসে বাগানমালী মো. আবুল হাসানের কাছে পাখিটি হস্তান্তর করা হয়।
স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকর্মী ও বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফেসিলিটেটর আহসান হাবীব বলেন, সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নে স্বর্ণকার টিলা এলাকার বাসিন্দা ওয়াসিম তালুকদার গ্রামীণ বনের পাশে গর্তে আহত একটি পাখি দেখতে পান।
পরে তিনি পাখিটি উদ্ধারে করে জীববৈচিত্র্য সংরক্ষণ দল এবং বেলছড়ি ইউনিয়ন প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী উদ্ধার দলের কাছে হস্তান্তর করেন। আহত পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এদিন দুপুরে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে ভেটেরিনারি সার্জন পাখিটির চিকিৎসা শেষে প্রয়োজনীয় ওষুধ দেন। পরে ঈগলটিকে পরিচর্যার জন্য বন বিভাগের রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়।
মাটিরাঙা ভেটেরিনারি সার্জন সুমেন চাকমা বলেন, পাখিটির ডানায় এয়ারগানের গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ইনজেকশন দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটা ওষুধও দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, বর্তমানে পাখিটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। অসুস্থ ঈগলের খাবার হিসেবে মাছ কেনা হয়েছে। ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী ঈগলের চিকিৎসা দেওয়া হবে।
পাখিটি সুস্থ হওয়ার পর বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।