জামালপুরে পাচারের সময় ১৫ টন সরকারি চালসহ ট্রাক জব্দ
এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে র্যাব।
জামালপুর সদরে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১৫ টন চালসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাক চালককে।
বুধবার বিকালে জামালপুর-শেরপুর সেতুর দক্ষিণ পাশে উপজেলার ছনকান্দা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।
আটক ট্রাক চালক শামছুল ইসলাম (৫৫) সদর উপজেলার শাহাপুর বটতলা এলাকার আব্দুল হাকিমের ছেলে।
লাবিদ আহমেদ বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে র্যাব। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজি করে মোট ৫০০ বস্তা চাল পাওয়া যায়।
তবে চালক বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকসহ চাল জব্দ করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চালগুলো জামালপুর থেকে শেরপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান র্যাব কর্মকর্তা লাবিদ আহমেদ।
