রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৬
আটকদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারামারিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশি অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন।
আটকরা হলেন- সিরাজ উদ্দিন মণ্ডল, উজ্জ্বল আলী মণ্ডল, ইয়ারুল ইসলাম, শামীম শেখ, নজরুল ইসলাম এবং তৌহিদুল ইসলাম। তারা সুবর্ণখোলা গ্রামের বাসিন্দা।
ওসি সালাউদ্দিন বলেন, পাংশা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্য ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, একটি ইয়ারগান, দুটি হাসুয়া, চাইনিজ কুড়াল ও তলোয়ার জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ঘটনায় পাংশা থানায় দুটি মামলা হয়েছে।
বুধবার তাদের গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি সালাউদ্দিন।
