ময়মনসিংহে যুবকের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ
হামলা চালানো ২৮ বছর বয়সী লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে।
ময়মনসিংহের হালুয়াঘাটে তল্লাশি চলাকালে পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌর এলাকার পাগলপাড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।
হামলা চালানো ২৮ বছর বয়সী লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে।
রুহুল আমিন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবউড়া) আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কর্মী হিসেবে এলাকায় সুপরিচিত।
অতিরিক্ত পুলিশ সুপার মামুন বলেন, রাতে হালুয়াঘাট পৌর এলাকায় পুলিশ সদস্যরা নিয়মিত মোটরসাইকেল চেকিং করছিল। এ সময় লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে (এজাজ) ধারালো দা দিয়ে পেছন থেকে আঘাত করেন।
এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর লিয়ন দৌঁড়ে পালিয়ে যায়। তার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। লিয়নকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা রুহুল আমিনকে থানায় আনা হয়েছে।
এ ব্যাপারে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “মাদক এবং বেকারত্বের কারণে এলাকায় যুব সমাজের চরম অবক্ষয় দেখা দিয়েছেন। ছেলের অন্যায়ের জন্য বাবাকে দায়ী করা ঠিক হবে না।
“তবে অপরাধী বিএনপি পরিবারের হোক আর যেই হোক না কেন তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য পুলিশকে অনুরোধ করব।”
