Published : 07 Apr 2026, 02:26 PM
পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’কে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন বয়সী মানুষ।
নতুন বছর বরণ ও পুরান বছরের বিদায় উপলক্ষ্যে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর উৎসব বৈসু, সাংগ্রাইং, বিঝু, পাতা, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

শোভাযাত্রাটি চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর হয়ে টাউন হলে এসে শেষ।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিনিতা ত্রিপুরা, রেইন চাকমা বলেন, “সারা বছর আমরা এ উৎসবের জন্য অপেক্ষা করি। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।
“শোভাযাত্রায় আমাদের বন্ধুরাও এসেছে। আগামী পুরো সপ্তাহজুড়ে বিভিন্ন আয়োজন আছে। বৈসু শোভাযাত্রা হবে, ফুল বিজু এবং সাংগ্রাইং শোভাযাত্রা হবে।”
পাহাড়ে ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি চর্চার পাশাপাশি স্বকীয়তা রক্ষায় এমন উদ্যোগ প্রতির বছরই নেওয়া হবে বলে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, “আজকে (মঙ্লবার) শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছে। এটা আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিরাজমান ভ্রাতৃত্বের প্রতিচ্ছবি। এ ধরনের উৎসব ঐক্য ও সৌহার্দ্যের সম্পর্ক আরো সুদৃঢ় করবে।”

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “আজকে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের নিজেদের যে ঐতিহ্য এবং স্বকীয়তা রয়েছে সেটি আরো সুসংহত হবে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরানো বছরের বিদায় এবং নতুন বছরের বরণ উৎসব হবে।
শোভাযাত্রা শেষে টাউন হল চত্বরে মারমাদের ঐতিহ্যবাহী রি-আকাজা বা মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেন তরুণ-তরুণিরা।
আয়োজকরা জানান, নতুন বছর বরণের আনুষ্ঠানিকতায় আগামী ৯ এপ্রিল বৈসু উদযাপন কমিটি টাউন হল প্রাঙ্গণে বৈসু শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নৃত্যসহ বিভিন্ন বর্ণিল উৎসব আয়োজন করবে। ১২ এপ্রিল চাকমাদের ফুল বিজু এবং আগামী ১৪ এপ্রিল মারমাদের সাংগ্রাই শোভাযাত্রা ও পানি খেলা অনুষ্ঠিত হবে।