১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাফলংয়ে বেড়াতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

সিলেটগামী একটি গেইটলক বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশার যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 05:09 PM

Updated : 16 Sep 2026, 01:00 PM

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। 

সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের মেইন গেটের সামনে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন। 

নিহত নুসরাত জাহান তাসনিম (১৫) ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারা নুসরাতের স্বজন।

সোমবার সকালে সিলেটের জাফলংয়ে যাওয়ার পথে চিকনাগুল গ্যাস ফিল্ডের প্রধান ফটক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, যাত্রাবাড়ী থেকে মোহাম্মদ আলী তার বোন ও ভাগ্নিদের নিয়ে সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজিচালিত অটোরিকশায় জাফলংয়ের উদ্দেশে রওনা হন। চিকনাগুল গ্যাস ফিল্ডের মেইন গেইট এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি গেইটলক বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয়।

জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নুসরাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।