১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোলায় খাটের নিচে মিলল ৩৪ বস্তা সরকারি চাল

জেলেদের খাদ্য সহায়তার জন্য বরাদ্দ এসব চাল বিক্রি বা মজুদ করার সুযোগ নেই বলে জানান ইউএনও।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 07:18 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

ভোলার লালমোহন উপজেলায় বসতঘরের খাটের নিচ থেকে জেলেদের সরকারি খাদ্য সহায়তার এক হাজার ১৭০ কেজি চাল জব্দ করা হয়েছে। তবে কেউ আটক হয়নি।

শনিবার বিকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ এলাকার দিদার মসজিদ সংলগ্ন এক বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয় বলে জানান লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। 

বাড়ির মালিক মো. জসিম সর্দার স্থানীয় একটি বাজারের মুদি দোকানদার।

ইউএনও বলেন, গোপন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তবে উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম সর্দার পালিয়ে যান। 

পরে বসতঘর তল্লাশি করে খাটের নিচ থেকে জেলেদের খাদ্য সহায়তার ৩০ কেজি ওজনের ২৪ বস্তা এবং ৫০ কেজি ওজনের নয় বস্তা চাল উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

জব্দ করা চাল উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে জানিয়ে সিফাত বিন সাদেক বলেন, “চালগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। তবে জেলেদের চাল বিক্রি বা মজুদ করার সুযোগ নেই। এ ছাড়া কোনও ব্যক্তির কাছে এত চাল থাকারও কথা না।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা।