Published : 26 Apr 2026, 02:12 PM
রাঙামাটির লংগদু উপজেলায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা একটি এশিয়ান বন্য হাতির মৃত্যু হয়েছে। তার সঙ্গী নারী হাতিটি শোকে কাতর হয়ে মরদেহের পাশে অবস্থান করছে।
রোববার সকালে ভাসান্যাদাম এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটির মরদেহ দেখতে পায় বলে জানিয়েছন বনবিভাগের পাবলাখালী রেঞ্জের কর্মকর্তা শরীফুল ইসলাম।
তিনি বলেন, মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৬৫ বছর। হাতিটি দীর্ঘদিন ধরে শারীরিক সংক্রমণে ভুগছিল। কয়েক সপ্তাহ আগে দুই দফায় চিকিৎসাও দেওয়া হয়েছিল।
পরে গত ১০ এপ্রিল থেকে হাতিটিকে টানা চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু হাতিটিকে বাঁচানো যায়নি।

স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের লিডার মো. জয়নাল বলেন, “সকালে আমরা এসে বন্যহাতিকে মৃত অবস্থায় দেখতে পাই। এটি এই এলাকার সবচেয়ে বড় হাতি ছিল।”
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, “কয়েক সপ্তাহ ধরে অসুস্থ হাতিটিকে গত ১০ এপ্রিল থেকে চিকিৎসক দল চিকিৎসা দিচ্ছিল। এরপর থেকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হচ্ছিল। ইআরটি টিম সকালে হাতিটিকে খাবারের মাধ্যমে ওষুধ দেওয়ার জন্য সেখানে যায়। কিন্তু হাতিটির মৃতদেহ দেখতে পায়।”
তিনি আরো বলেন, “মৃত হাতিটির পাশে স্ত্রী হাতিও দাঁড়িয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে তারা মূলত শোক প্রকাশ করে। স্ত্রী হাতিটি সরে গেলে মৃত হাতিটির মরদেহ দাফন করা হবে।”