১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪ রোহিঙ্গা হত্যা মামলায় আরসার জুনুনি রিমান্ডে

২০২০ সালের অক্টোবরে আরসার অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হন।

৪ রোহিঙ্গা হত্যা মামলায় আরসার জুনুনি রিমান্ডে
কক্সবাজার আদালতে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 06:33 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

আশ্রয়শিবিরে চারজনকে হত্যা মামলায় সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  

বুধবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আসাফ উদ্দিন আসিফের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বলে আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী জানান।

তিনি বলেন, উখিয়া থানায় করা এই মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় বলা হয়েছে, ২০২০ সালের ৬ অক্টোবর ক্যাম্পে আরসার অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আতাউল্লাহ জুনুনি ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরসা মূলত মিয়ানমার ভিত্তিক একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠন। তারা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অধিকারের দাবিতে কাজ করে বলে দাবি করে থাকে।