Published : 28 Aug 2025, 05:38 PM
পঞ্চগড়ের বোদা উপজেলায় ডোবা থেকে এক দিনমুজুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে ভাষ্য পুলিশের।
বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় সোয়েলের বাড়ির পাশে বাঁশঝাড় সংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বোদা থানার ওসি আজিম উদ্দিন।
নিহত সোয়েল ইসলাম (৩০) ওই এলাকার সাবিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার বাড়ির পাশের জমির আইল কাটা ও মাছ ধরা নিয়ে সোয়েলের পরিবারের সঙ্গে তার চাচা এনামুল হক কবিরাজের মারামারির ঘটনা ঘটে। এ ছাড়া জমি নিয়ে মারামারির আগের একটি মামলায় সোয়েলের নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে সোয়েল রাতে বাইরে লুকিয়ে থাকতেন।
বুধবার রাতে বাড়ির পাশে বেগুন ক্ষেত এলাকায় সোয়েলকে ডেকে নেন তার বড় ভাই সুলতান আলী। ঘর থেকে বের হয়ে হওয়ার পর আর বাড়ি ফেরেনি সোহেল। সকালে সোয়েলের বাড়ির পাশের বাঁশঝাড় সংলগ্ন ডোবার পাশে ধান ক্ষেতে কাজে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক।
এ সময় ডোবায় ভাসমান কিছু দেখতে পান তারা। কাছে গিয়ে লাশ দেখে শ্রমিকরা চিৎকার করলে সোয়েলের স্বজনরাসহ স্থানীয়রা সেখানে ছুটে যান। মৃতদেহটি সোহেলের বলে শনাক্ত করেন তারা।
খবর পেয়ে পুলিশ মৃতদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃতদেহের গলায় কাপড় বেঁধে শ্বাসরোধে হত্যার চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পরে সোয়েলকে ডোবার পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে জানান ওসি আজিম উদ্দিন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
বিকাল ৪টার এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোয়েলের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।