Published : 07 May 2026, 03:40 PM
যশোর-নড়াইল মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়েছে। বিজিবি বলছে, সোনাগুলি ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল আটক ‘পাচারকারীরা’।
বৃহস্পতিবার সকালে বিজিবির একটি আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে তাদেরকে আটক করেছে বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
আটকরা হচ্ছেন, যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি হোসেন (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাক আলির ছেলে আব্দুল গনি (৫৪) ও সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল হোসেন (৪৬)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন প্রাইভেট কারটিতে তল্লাশি করে ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো প্রাইভেট কারের হেড রেস্টে বিশেষভাবে লুকানো অবস্থায় ছিল।
আটক ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের এসব স্বর্ণের বাজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন।”
পাচারকারিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।