Published : 25 Jul 2026, 09:49 PM
লালমনিরহাটে টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে একটি সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মোহাম্মদ বেলাল হোসেনের ছেলে আতিয়ার রহমান (৪০), আব্দুস সামাদের ছেলে আনারুল ইসলাম (৪৫), প্রয়াত গফফার আলীর ছেলে খুনিয়াগাছ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৩৫) এবং নূর ইসলামের ছেলে জাহেদুল ইসলাম (৪৫)।
তারা সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ এর মাদক প্রতিরোধ কমিটির সদস্য ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে খুনিয়াগাছ ইউনিয়নের ‘আলোকিত লালমনিরহাট’ মাদকবিরোধী কমিটির সদস্যরা ২৬২ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপসহ এক কারবারিকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা ঘুষ নিয়ে গোপনে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।
তবে সামাজিক আন্দোলনের ব্যানার ব্যবহার করে নিজেরাই ঘুষ গ্রহণ ও মাদক কারবারে সহায়তার খবর ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় জনতা ওই চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।
খুনিয়াগাছ ইউনিয়নের সামাজিক অপরাধ পর্যবেক্ষণ ও তদারকি কমিটির প্রধান সমন্বয়ক এ এস এম খায়রুজ্জামান বাদল বলেন, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ওই চারজনকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
ওসি সাদ আহমেদ বলেন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ঘটনাটি আরও তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।