১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেওয়া যাবে না: সিরাজগঞ্জে আসিফ

“তাদের নেতারা অন্য দলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি তারা মুনাফেকি করবে না।”

লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেওয়া যাবে না: সিরাজগঞ্জে আসিফ
সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন আসিফ মাহমুদ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ঋণখেলাপী-লুটেরাদের থেকে টাকা নিলেও তাদের ভোট না দেওয়ার অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

তিনি বলেছেন, “যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপী হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, নির্বাচনে তাদের কাছ থেকে আপনারা টাকা নেন, কিন্তু ভোটটা আপনারা তাকেই দিবেন, যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে। 

“আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন। ভোটটা তাকেই দিবেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠবে।”

রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা। 

আসিফ আরও বলেন, “শীতকালে বিভিন্ন দেশ থেকে অতিথি পাখিরা যেমন বাংলাদেশে ঘুরতে আসে। ঠিক তেমনি একটি দল লন্ডন, আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে। 

“শীতকালের পর গ্রীষ্মকাল আসলে যেভাবে অতিথি পাখিরা উড়ে যায়, ঠিক সেভাবেই বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে। এসব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে না।”

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাই, আপনাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি চান হাসিনার মতো আর কোন দোসর বাংলাদেশে আর না আসুক, ফ্যাসিস্ট শাসক ফিরে না আসুক তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। 

তিনি আরও বলেন, “আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা করছে। ওই দলের নেতাকর্মীরা হ্যাঁ ভোট চাইলে তাদের নেতাদের সাথে সুর মিলিয়ে বলবেন ‘গুপ্ত-গুপ্ত’।

 “তাদের নেতারা অন্য দলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি তারা মুনাফেকি করবে না।”

এসময় আরও বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ন আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ। 

পথসভা শেষে সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন আসিফ মাহমুদ।