১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চাই না: মির্জা ফখরুল

“দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। উন্নয়ন কাজ করতে হলেও কৃষিজমি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দেব।”

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 03:37 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

দেশে কৃষিজমি কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চান না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব বলেন, “আমরা কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চাই না। সবদিক বিবেচনা করেই উন্নয়ন কাজ করা হবে, যাতে কৃষির ক্ষতি কম হয়।“

বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন। 

কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, “দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। উন্নয়ন কাজ করতে হলেও কৃষিজমি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দেব।”

 “আমরা যতটা পারি, আমরা কৃষিজমি নষ্ট করব না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। এবং সেটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। কারণ বাংলাদেশের কৃষিজমি অতি দ্রুত কমে আসছে, যেটা দেশের জন্য ভালো হবে না।”

পরে তিনি সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।