গোপালগঞ্জে চুরি যাওয়া ভ্যান ফিরে পেলেন চালক
হাসপাতাল ব্রিজে বসে তার বিলাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ঋণ করে কেনা ও জীবিকার একমাত্র অবলম্বন ভ্যান চুরি হওয়ার দুদিন পর পুলিশের সহায়তায় ফেরত পেয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার হাফিজ শেখ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আড়জুরী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রাম থেকে ভ্যানটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম।
ভ্যান চালক হাফিজ শেখের চার ছেলে-মেয়েসহ ছয় জনের সংসার। ভ্যান চালিয়ে যা আয় হতো তা দিয়েই চলত সংসার। একটু ভালো আয়ের আশায় সম্প্রতি ৬০ হাজার টাকা ঋণ নিয়ে নিজেই ভ্যান কেনেন তিনি।
কিন্তু মাত্র চার কিস্তি পরিশোধের পরই মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। এতে কান্নায় ভেঙে পড়েন হাফিজ শেখ।
হাসপাতাল ব্রিজে বসে তার সে বিলাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা উপস্থিত সাংবাদিকদেরও জানিয়েছিলেন তিনি।
টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, “হাফিজ শেখ থানায় কোনো অভিযোগ না করলেও স্থানীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পরই চুরি হওয়া ভ্যানটি উদ্ধারের জন্য পুলিশ তৎপর হয়ে ওঠে।
“তখন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে ভান্ডারখোলা গ্রামের আশব শেখের ছেলে আলিম শেখকে শনাক্ত করা হয়। পরে মোল্লাহাট থানা ও ভান্ডারখোলার ইউপি সদস্যর সঙ্গে যোগাযোগ করে ভ্যানটির খোঁজ পাওয়া যায়।”
ওসি আরও বলেন, চোর চক্রের এ সদস্যদের আইনের আওতায় আনার জন্য পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
জীবিকার অবলম্বন ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হাফিজ শেখ বলেন, “তখন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। পরে ফেইসবুকে এ ঘটনা ভাইরাল হওয়ার পর পুলিশের সহযোগিতায় ভ্যানটি ফিরে পেয়েছি। তাই গণমাধ্যমকর্মী ও পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
