১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাহী ও সম্পাদক জহুরুল

সভাপতি সুলতান আহমেদ রাহী ২০০৯-১০ শিক্ষাবর্ষের এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাহী ও সম্পাদক জহুরুল
সুলতান আহমেদ রাহী ও সর্দার জহুরুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 10:36 AM

Updated : 26 Aug 2026, 01:28 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন কমিটির নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদ রাহী।

রাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে সংগীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলামকে। 

ঘোষিত কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাইম তুহিনা। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু এবং দপ্তর সম্পাদক নাফিউল জীবন।

বিজ্ঞপ্তিতে আগামী ৭ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হলে কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “কেন্দ্র পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করেছে। ফ্যাসিস্ট আমলে যারা ছাত্রদলের হাল ধরে রেখেছিল, তাদেরই নেতৃত্বে আনা হয়েছে।”

ছাত্রত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসনামলে আমি প্রথম বর্ষের পরীক্ষা দিতে পারিনি। দুইবার জেলে বসে পরীক্ষা দিতে হয়েছে। এছাড়া এখনো আমার শিক্ষাজীবন শেষ হয়নি। আমি বর্তমানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্সে ভর্তি আছি।”