১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় শ্বশুর বাড়ির প্রতিবেশীর উঠানে নির্মাণ শ্রমিকের লাশ, আটক ১

নিহতের বাম চোখে আঘাতজনিত রক্তাক্ত জখমের চিহ্ন থাকায় এটিকে হত্যাকাণ্ড হিসাবে সন্দেহ পুলিশের।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 03:26 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুর বাড়িতে বসবাস করা এক নির্মাণ শ্রমিকের লাশ প্রতিবেশীর উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশীর মেয়ে জামাইকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মালিহাদ জদ্দারপাড়া গ্রামের মুদি দোকানী আলী হোসেনের বাড়ির উঠানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম। 

মারা যাওয়া রানা আহম্মেদ (৪০) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আব্দুল্লাহ মালিথার ছেলে। বিয়ের পর থেকেই জদ্দারপাড়া গ্রামে শ্বশুর আসান আলীর বাড়িতেই বসবাস করতেন। তিনি দুই সন্তানের বাবা। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আসান আলীর বাড়ি থেকে ২-৩ বাড়ি পরেই আলী হোসেনের বাড়ি। বুধবার রাত ১০টার দিকে বাড়ির উঠানে রানার লাশ পড়ে থাকতে দেখে আলী হোসেনের দুই মেয়ে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে সংবাদ দেয়। 

ওসি মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের বাম চোখে আঘাতজনিত রক্তাক্ত জখমের চিহ্ন থাকায় এটিকে হত্যাকাণ্ড হিসাবে সন্দেহ পুলিশের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ বা বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির আলী হোসেনের বড় মেয়ের জামাই নাজমুল ইসলামকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

বুধবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।