Published : 18 Jul 2026, 04:36 PM
নরসিংদীর শিবপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান।
নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরের পুরাণপাড়ার বাসিন্দা স্বাধীন (১৯) এবং হাজিপুর গ্রামের নাফিজ। তারা দুজনই শিবপুরের আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে নাফিজ ও স্বাধীনের মার্কেটিং পরীক্ষা ছিল। তারা শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দেন। পরীক্ষা শেষে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
পথে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তারা মারা যান।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।