Published : 16 Jul 2026, 01:24 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনার মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি বাঘাইড় মাছ। পরে মাছ দুটি মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।
মাছ দুটির ওজন ছিল ৩২ কেজি ও ২৬ কেজি।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, বুধবার রাতে গভীর রাতে জেলে নয়ন হালদার ও তারা চালাক হালদারের জালে বিশাল এই মাছ দুটি আটকা পড়ে।
তিনি বলেন, “সকালে নয়ন ও তারা মাছ দুটি দৌলতদিয়া মাছের আড়তে বিক্রির জন্য নিয়ে আসে। এ সময় ওজন করে দেখা যায়, একটি মাছের ওজন ৩২ কেজি এবং অন্যটির ওজন ২৬ কেজি।

“পরে সেখানে উন্মুক্ত নিলামে ৩২ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৬৪ হাজার টাকায় এবং ২৬ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কেনা হয়।”

সম্রাট শাজাহান শেখ বলেন, “মাছ দুটি কেনার পর মোবাইল ফোনে যোগাযোগ করে দোহারের আমেরিকান এক প্রবাসীর কাছে কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা লাভে মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়।”