Published : 24 May 2025, 09:46 PM
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি করেছে জামালপুরের একটি আদালত।
একই মামলায় মহিউদ্দিন হেলাল নামে ইউটিউব চ্যানেলের এক উপস্থাপকের বিরুদ্ধেও সমন জারি করা হয়েছে।
শনিবার দুপুরে এই আদেশ দেন সরিষাবাড়ী আমলি আদালতের হাকিম রোকসানা পারভীন।
বাদীর আইনজীবী মো. মনিরুজ্জামান বলেন, ২০২১ সালে পানসিয়ানা নামে একটি ইউটিউব চ্যানেলে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এ ধরনের মন্তব্য করায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মানহানি মামলা করেন সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি চেচিয়াবাঁধা এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে বিএনপির কর্মী রুমেল সরকার।
২০২৪ সালের ১০ সেপ্টেম্বর দায়ের করা মামলায় মহিউদ্দিন হেলাল নামে ওই ইউটিউবের উপস্থাপকেও বিবাদী করা হয়। উপস্থাপক মহিউদ্দিন হেলাল চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এ টি এম আবুল কাশেমের ছেলে।
আইনজীবী বলেন, ১৯ মে মামলাটির শুনানি হহলেও শনিবার আদেশ দেন বিচারক।
মুরাদ হাসান জামালপুর-৪ সরিষাবাড়ী আসন থেকে ২০০৮ ও ২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন।