Published : 24 Jun 2026, 02:24 PM
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে জনতার পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান।
নিহত যুবকের বয়স ২২ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে ফ্লাইওভারের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে ধরে তাকে মারধর শুরু করে লোকজন। এক পর্যায়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশের গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, “নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
এ ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।