Published : 19 Apr 2026, 12:33 PM
খাগড়াছড়ির রামগড় উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল পুরোপুরি ভস্মিভূত হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান।
তিনি বলেন, “স্কুলঘরের পশ্চিম অংশে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে পুরো স্কুলঘর পুড়ে যায়। এ সময় স্কুলে কেউ ছিল না।”
আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে আবদুল কাদের বলেন, “ক্লাসরুম, শিক্ষক রুম, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএস, আসবাবপত্র কোনো কিছুই অবশিষ্ট নেই। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।”
আগুনে শ্রেণিকক্ষ ও শিক্ষক কক্ষসহ মোট ১০টি কক্ষ পুড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্কুল কর্তৃপক্ষ বলছে, ২০২২ সালে খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও রামগড়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কালাবাড়ীতে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, “খবর পাওয়ার পরই রামগড় থেকে ফায়ার সার্ভিসেরর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগেই স্কুলটি সম্পূর্ণ পুড়ে যায়।”
অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি।
রামগড় ফায়ার স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।