সাতক্ষীরার বাসের চাপায় ভ্যানচালক নিহত
“বয়োঃবৃদ্ধই ভ্যানচালকের চারটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল।”
সাতক্ষীরার তালা উপজেলায় বাসের চাপায় বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৩০ মাইল নগরঘাটা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা সদরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর নুরুল ইসলাম।
নিহত আমানুল্লাহ (৬০) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা অভিমুখী ইমাদ পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
“এতে ভ্যানটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক আমানুল্লাহ নিহত হন।”
ঘটনার প্রত্যক্ষদর্শী ও অগ্রগতি এনজিওর পরিচালক আব্দুস সবুর জানান, আমানুল্লাহ তার কর্মস্থল অগ্রগতি রিসোর্টের দিকে আসছিলেন। এ সময় দ্রুতগামী বাসটির চাপায় নিহত হন তিনি।
“বয়োঃবৃদ্ধই ভ্যানচালকের চারটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল।”
তিনিসহ স্থানীয়রা ঘাতক বাস চালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
