সাড়ে ৫ ঘণ্টা পর বিকল্প বিমানে ওসমানী ত্যাগ করল লন্ডনগামী যাত্রীরা
সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগে বলে জানান ওসমানী বিমানবন্দরের পরিচালক।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিনের ধাক্কা লাগার সাড়ে পাঁচ ঘণ্টা বিকল্প উড়োজাহাজে রওনা দিয়েছেন যাত্রীরা।
বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে বিজি-২০১ ফ্লাইটের বোয়িং-৭৮৭ উড়োজাহাজটি ২৬২ যাত্রী নিয়ে বিমানবন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ।
তিনি সাংবাদিকদের বলেন, বোডিং ব্রিজে ঘষা লাগার কারণে আটকে যাওয়া উড়োজাহাজটি (বোয়িং-৭৮৭) বিকাল ৪টা ২৬ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেছে। পরীক্ষা- নিরীক্ষায় দেখা গেছে উড়োজাহাজটির কোনো ক্ষতি হয়নি।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১ এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগে বলে জানান বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
