১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় মামা হত্যা মামলায় ভাগনে গ্রেপ্তার

পুলিশ জানায়, মাজহারুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2025, 05:28 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে মামাকে পিটিয়ে হত্যা মামলায় ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান। 

গ্রেপ্তার মাজাহারুল ইসলাম (২১) উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।

মামলার বরাতে ওসি মিজানুর বলেন, “মা মাজেদা বেগমের সঙ্গে প্রায় সময় ঝগড়া বিবাদ করতেন মাজহারুল ও তার স্ত্রী শারমিন আক্তার। ৪ ফেব্রুয়ারি সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে মাজাহারুলের মা অতিষ্ঠ হয়ে ভাই কাঞ্চন মিয়াকে জানান। ঘটনা শোনে ওই দিনই দুপুরে বোনের বাড়িতে আসেন কাঞ্চন।

“পরে ঝগড়ার বিষয় নিয়ে ভাগনে ও ভাগনে বউয়ের সঙ্গে কাঞ্চনের বাক-বিতণ্ডা শুরু হয়। এ সময় মাজহারুল ও শারমিন মিলে কাঞ্চনকে মারপিট করে গুরুতর আহত করেন।”

তিনি আরও বলেন, “তখন স্থানীয়রা কাঞ্চনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।” 

মিজানুর বলেন, ওই দিন বিকাল ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মানিক মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা করেন। 

ওসি বলেন, ঘটনার পর থেকে মাজহারুল ও তার স্ত্রী পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাজহারুলের অবস্থান শনাক্ত করা হয়। 

“পরে সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা চৈতাবাতে ড্রিম হলিডে পার্কের পাশে কাজ করা অবস্থায় বিশেষ অভিযান পরিচালনা করে মাজহারুলকে গ্রেপ্তার করা হয়।”

দুপুরে মাজহারুলকে নেত্রকোণা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।