Published : 26 Aug 2026, 05:02 PM
বরিশালের বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ১৫ অগাস্ট উপলক্ষে একটি ব্যানার টানানো হয়েছে। এ নিয়ে মানুষের মধ্যে নানা আলোচনা চলছে।
বুধবার সকাল থেকে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানারটি ঝুলতে দেখা যায়।
এতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের নামের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণীর ছবি রয়েছে। এতে লেখা হয়েছে- ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’।
স্থানীয় লোকজন বলছেন, সকাল থেকেই তারা এই ব্যানারটি দেখছেন। তবে কারা, কখন বা কী উদ্দেশ্যে এটি টানিয়েছে, তা তারা জানেন না।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই।
তার দাবি, “রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হয়। বিষয়টি প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।”
তিনি বলেন, সিসিটিভির ভিডিও পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য ও একটি ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে কোনো আলামত পাওয়া যায়নি। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।”
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলাউল হাসান বলেন, বিষয়টি তার জানা নেই।
“তবে কেউ এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”