বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবল বাল্কহেড, সাঁতরে বাঁচেন ৫ শ্রমিক
“যে লাইনে দুটি নৌযান চলছিল, তাতে দূর থেকেই বোঝা যাচ্ছিলো যে সংঘর্ষ হবে।”
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবোঝাই লঞ্চের সঙ্গে সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে।
রোববার সকাল সোয়া ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নৌ-পুলিশের পাগলা ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।
বেলা সাড়ে ১২টার এসআই সাংবাদিকদের বলেন, “বাল্কহেডের পাঁচ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে অভিযান এখনো শুরু হয়নি।”
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলামুখী ‘বোগদাদীয়া-১৩’ লঞ্চটির সঙ্গে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বাল্কহেড ডুবির ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির উপরে উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে দেখে শ্রমিকরা তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী ফতুল্লার বক্তাবলী এলাকার সাদ্দাম হোসেন বলেন, “আমি তখন নদী পার হচ্ছিলাম। যে লাইনে দুটি নৌযান চলছিল, তাতে দূর থেকেই বোঝা যাচ্ছিলো যে সংঘর্ষ হবে। আমি সঙ্গে সঙ্গে ভিডিও করতে শুরু করি।”
ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে দ্রুতই অভিযান শুরু হবে বলে জানান নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর জানান।
