১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ওপরওয়ালা’ বলতে কুষ্টিয়ায় কেউ নেই, ‘ওপরওয়ালা’ এখন আমি: আমির হামজা

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য একথা বলেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আমির হামজা। এ সময় তিনি দালালদের দৌরাত্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য একথা বলেন।   

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য বলেন, “মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর জেনারেল হাসপাতাল নিয়ে সাতটা অভিযোগ আমার কাছে আছে লিখিত। এগুলো আমি জানিয়েছি। সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি পাল্টাতে। তারা প্রথমে ভুল স্বীকার করে মাপ চেয়ে নিয়েছে যে, এটা আসলে নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং এটা আসলে ‘ওপরওয়ালার’ দোষ দেয়।

“আমি বলেছি, ‘ওপরওয়ালা’ বলতে কুষ্টিয়ায় কেউ নেই। ‘ওপরওয়ালা’ এখন আমি। সুতরাং যা হবে, কিছু হলে আমারে জানাবেন।” 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির হামজা বলেন, “দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিড মানির কথা বলা হয়, যেখানে কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথা গোপনে কেউ কেউ জানিয়েছে আমাকে।”

সংসদ সদস্য বলেন, “আমি সরাসরি জানিয়েছি যে, দুই নম্বরি কেউ যদি করতে চায়, তাহলে সরাসরি বলবেন যে, মৌলানার কাছে টাকা দেওয়া আছে এবং এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। তারপর আমি বিষয়টা দেখব।”  

এ সময় তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে নিজের পদক্ষেপের কথা জানান। এবং কুষ্টিয়াবাসী শিগগির এ ব্যাপারে ‘সুখবর’ পাবেন বলেও আশ্বাস দেন।   

এ সময় সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের পরিচালক সরোয়ার জাহান এবং কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। 

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। নানা আলোচনা-সমালোচনাও চলছে।   

শুক্রবার ভোরে সংসদ সদস্য আমির হামজা তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে লিখেছেন, “প্রিয় দেশবাসী, এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ- আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যে সমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না। হয় আপনারা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, অথবা চুপ থেকে এড়িয়ে যাবেন। 

“কিন্তু কোনোক্রমেই আমার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে- এটাই আমাদের কাম্য। আর আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া টুইস্টেড করে যেসব নিউজ করে, আমাকে নিয়ে যারা কটু কথা বলেন- সেটার জন্য আল্লাহই যথেষ্ট। আমি এগুলো নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। নিশ্চয়ই মিথ্যার ওপরে সত্য বিজয়ী হবে।”