Published : 13 Dec 2025, 12:07 PM
শরীয়তপুর সদর উপজেলায় আগুনে পুড়ে মারা গেছেন এক বৃদ্ধা। ধারণা করা করা হচ্ছে শীত নিবারণের জন্য বিছানায় রাখা কয়লার পাত্র থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শনিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পালং থানার ওসি শাহ আলম।
নিহত কামরুন নাহার (৮০) ওই এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী।
নিজের সন্তান না থাকায় ও স্বামীর আগের সংসারের মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় পুরানো টিন-কাঠের ঘরটিতেই বৃদ্ধা একাই থাকতেন। প্রতিবেশী ও স্বজনরাই তার দেখাশোনা করতেন।
ওসি শাহ আলম বলেন, “অগ্নিকাণ্ডের বিষয়টি জানার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। তবে এর আগেই এলাকাবাসী আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

“আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই খাটের ওপর ওই নারীর আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া মরদহটি পড়ে রয়েছে।”
ওসি বলেন, “আমরা মরদেহের পাশে একটি মাটির তৈরি পাত্র পেয়েছি। মূলত শীত লাঘব করার জন্য তিনি ওই মাটির পাত্রে আগুনের কয়লা রেখেছিলেন।
“সম্ভবত ওই পাত্র থেকে আগুনের কয়লা বিছানায় পড়ে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
তবে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার মেয়ে আসলে আইনানুগ প্রক্রিয়া শেষে বৃদ্ধার মরদেহ হস্তান্তর করা হবে।
এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি।