১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিএইউএসটির শিক্ষার্থীদের নবীনবরণ

ক্যাম্পাসে ৫৫টি গাছ লাগিয়ে এবং সেমিনারের মাধ্যমে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 11:00 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে নীলফামারীর সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির-বিএইউএসটি।

মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ক্লাবের আয়োজনে এ কর্মসূচি হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার একটি চারা লাগানোর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

পরে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস-এআইএস শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ৫৫টি গাছ লাগান। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) স্পন্সরে এই কর্মসূচি হয়।

এর আগে হিসাববিজ্ঞানের শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষতার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্র্যাক ঢাকার ইন্টারনাল অডিট বিভাগের ব্যবস্থাপক সারমিন আক্তার মিতু মূল বক্তা হিসেবে শিক্ষার্থীদের পেশাগত সফলতা ও দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

এতে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম রেজা, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পরীক্ষা নিয়ন্ত্রক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. শাহ আলম উপস্থিত ছিলেন। 

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. শাহ আলম বলেন, “নবীন শিক্ষার্থীদের শুধু আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়াই নয়, বরং তাদের মধ্যে পেশাগত দক্ষতা, ক্যারিয়ার সচেতনতা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।” 

সেমিনার শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।