কুড়িগ্রামে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
দুই বন্ধু মোটরসাইকেলে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে আন্ধারীরঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের আন্ধারীরঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন।
নিহত ফারুক আহম্মেদ (২৯) ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন ফারুকের বন্ধু জাহাঙ্গীর আলম অপু (৩০)। তিনি ঢাকার কামরাঙ্গীর চর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে কুড়িগ্রাম যাওয়ার পথে আন্ধারীরঝাড় এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটর সাইকেলচালক ফারুক ও অপু গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুজনকে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আজিম উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।
