Published : 16 Apr 2026, 04:48 PM
নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সানের বাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানিয়েছেন।
গ্রেপ্তার ২০ বছর বয়সী হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ বলছে, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সানের বাড়ির আতসীপাড়ার রাস্তায় ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর তার পথরোধ করে তুলে নিয়ে যায়।
পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার পলাশ থানায় ওই দুজনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি কুতুবুল আলম বলেন, “প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ। হাফিজুরকে গ্রেপ্তারের পর ভুক্তভোগী কিশোরী তাকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে।”
এ ঘটনায় দায়ের করা মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।