১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কারখানায় পানি খেয়ে শতাধিক শ্রমিক হাসপাতালে

কারখানাটির পানি পরীক্ষার পর ক্ষতিকর কিছু পাওয়া গেলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 08:22 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি তৈরি পোশাক কারখানায় পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ‘ড্রেসম্যান লিমিটেড’ কারখানায় এ ঘটনার ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম।

অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকরা। কিছুক্ষণ পর তাদের মধ্যে অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্ট দেখা দেয়। 

এক পর্যায়ে অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানাজুড়ে আতঙ্ক ছাড়ায়। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।

অসুস্থ শ্রমিকদের অভিযোগ, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন। ধীরে ধীরে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

‘ড্রেসম্যান লিমিটেড’ কারখানার এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ধারণা করা হচ্ছে সোমবার টানা বৃষ্টির পর আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

“শ্রমিকরা পানিতে ডুবে যাওয়া কলের পানি পান করেন। এদিন সকালে কাজে এসে তারা অসুস্থ হয়ে পড়েন। তবে কারখানার পানিতে কোনো সমস্যা আমরা পাইনি”, বলেন তিনি।

এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছে বলে দাবি কারখানারটির এই কর্মকর্তার।

ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।

কারখানাটির পানি পরীক্ষার পর ক্ষতিকর কিছু পাওয়া গেলে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।