০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে মারমা তরুণীকে ‘ধর্ষণ-নির্যাতন’, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

বাসায় আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে মামলায় বলা হয়েছে।

রাঙামাটিতে মারমা তরুণীকে ‘ধর্ষণ-নির্যাতন’, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার
রাঙামাটির কাউখালীতে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে মো. ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2025, 08:03 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

রাঙামাটির কাউখালী উপজেলায় এক মারমা তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের মামলার প্রধান আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদম রসূল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ জানান।

গ্রেপ্তার মো. ফাহিম (২৫) উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

ওসি সোহাগ বলেন, “আমি নিজে অভিযানে ছিলাম। আমরা এখনো থানায় পৌঁছাতে পারিনি। বৃহস্পতিবার প্রেপ্তার আসামিকে আদালতে তোলা হবে।”

ধর্ষণ মামলার আরেক আসামি রিমন চাকমা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, “তদন্ত করে জড়িত প্রমাণ হলে, তাকেও গ্রেপ্তার করা হবে।”

মামলা থেকে জানা গেছে, ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ফাহিম ওই তরুণীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করেন। পরে ১৩ এপ্রিল আবার বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করেন ফাহিম। এরপর ১৬ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে ফাহিম ও রিমন চাকমা ওই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন।”

এ ঘটনার পরদিন ১৭ এপ্রিল ভুক্তভোগী তরুণী কাউখালী থানায় ফাহিম ও রিমন চাকমার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মামলা করেন।

গত ১৬ এপ্রিল চাকমাদের বিঝু উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণ ও রাঙামাটির কাউখালীতে মারমা তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সপ্তাহজুড়ে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান উত্তাল ছিল।

বুধবার ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার হলেও অপহৃত পাঁচ শিক্ষার্থীর সন্ধান দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।