২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে নিষিদ্ধ জালে মাছ শিকার, ৫ জেলেকে জরিমানা

জেলেদের কাছ থেকে দেশি জাতের মাছের পোনা ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 11:10 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

বরিশালের মুলাদী উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে নিষিদ্ধ ‘পাঁই জাল’ দিয়ে মাছ শিকারের দায়ে পাঁচ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে আটক জেলেদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দীন।

দণ্ড পাওয়ারা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর এলাকার মো. মিলন, হৃদয় হোসেন, মো. হাসান, মো. রিয়াজ ও মো. সাহেব হাওলাদার।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আলম জানান, মুলাদী উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশের একটি দল আড়িয়াল খাঁ নদীর একতার বাজার এলাকায় যৌথ অভিযান চালায়।

অভিযানে নিষিদ্ধ পাঁই জালসহ পাঁচ জেলেকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন দেশি প্রজাতির মাছের পোনা ও একটি ট্রলার জব্দ করা হয় বলে জানান তিনি। 

তিনি বলেন, পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের করা জরিমানা অর্থ দিয়ে তারা মুক্ত হয়েছেন। এ ছাড়া জব্দ করা মাছ অসহায়দের মাঝে বিতরণ এবং পাঁই জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

সেইসঙ্গে জব্দ করা মাছ ধরার ট্রলারটি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।