১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ২

রাতে মোটরসাইকেলটি জাজিরার পদ্মাসেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 11:24 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাতে পদ্মাসেতুর টোলপ্লাজার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি মো. নকির আকরাম হোসেন। 

নিহতরা হলেন- সাভারের হেমায়েতপুর এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু ও মো. সুজন। সুজনের পুরো পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি আকরাম বলেন, রাতে মোটরসাইকেলটি জাজিরার পদ্মাসেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠে। এ সময় পদ্মাসেতু পার হয়ে আসা একটি পরিবহন মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। 

“এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ”

তিনি আরও বলেন, “আমরা শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি। তারা এসে নিহতদের মরদেহ নিয়ে গেছে।” 

এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবেও বলে জানান ওসি।