Published : 13 Jan 2026, 05:32 PM
পৌষের শেষে এসেও দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ কমেনি। দিনে ঝলমলে রোদ থাকলেও এ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গেল পাঁচ দিন ধরে এ জেলার তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির ঘরে ওঠানামা করছে।
সকালে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে জনজীবনে শীতের প্রভাব যেন কাটছেই না। তবে দিনের বেলায় শীতের তীব্রতা কিছুটা কম হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবার জেঁকে বসে ঠান্ডা।
মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানান পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ; যার গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
সোমবার একই সময় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ; যার গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।

ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও সকাল ৮টার আগেই কুয়াশা কেটে চারপাশ পরিষ্কার হয়ে যায়। এরপর সূর্যের দেখা মেলে। টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও নিয়মিত রোদের কারণে দিনের বেলায় শীতের তীব্রতা কম অনুভূত হচ্ছে। সোমবার ও মঙ্গলবার সূর্যের তেজ অন্যদিনের তুলনায় বেশি ছিল।
তবে শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকায়। নদী থেকে বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের হাত-পা ঠান্ডায় অবশ হয়ে যায়।
এর মধ্যে হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবে শিশু ও বৃদ্ধরা এখনো শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অতিরিক্ত শীতের কারণে শিশুদের ডায়রিয়ার প্রকোপ দেখা গেলেও এখন আক্রান্তের সংখ্যা কমে এসেছে।
বোদা উপজেলার কলেজপাড়া এলাকার ভ্যানচালক মামনু বলেন, ঠান্ডা অনুভুত হলেও সকাল থেকে শীত কম থাকায় সূর্যের দেখা মিলছে। এতে ভ্যানে যাত্রীর সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। রোদের জন্য শীত একটু কম হওয়ায় মানুষজনকে রাস্তায় চলাচলা করতে দেখা যাচ্ছে।

আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কালমেঘ এলাকার বাসিন্দা কৃষক সুমন ইসলাম বলেন, সকাল সকাল সূর্য ওঠায় ক্ষেতে কাজ করতে তাদের একটু সুবিধা হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। তবে দিনে রোদ থাকায় সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসে। দিনে রোদের উপস্থিতি থাকায় মানুষ স্বস্তি পাচ্ছে। আগামী কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।