০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাতে খেয়েছিলেন আম-দুধ, পরদিন অসুস্থ হয়ে নারীর মৃত্যু, হাসপাতালে ৪

খুলনার কয়রা উপজেলার এই পরিবারের সবাই ভোরের দিকে একে একে অসুস্থ হয়ে পড়েন। সবার পেটের সমস্যা শুরু হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 10:42 AM

Updated : 19 Sep 2026, 02:32 PM

খুলনার কয়রা উপজেলায় ডায়রিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। একই পরিবারের আরও চারজন ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই আগের রাতে বাজার থেকে আনা আম দিয়ে দুধ-ভাত খেয়েছিলেন।

ডায়রিয়ায় আক্রান্ত এই পাঁচজনকে বুধবার বিকালে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য।

তিনি বলেন, “হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা এখন শঙ্কামুক্ত।”

মারা যাওয়া লতিকা সানা (৫৫) উপজেলার মহারাজপুরের মঠবাড়ি গ্রামের বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- লতিকার স্বামী বিবেকানন্দ সানা (৬০), তার দেবর প্রকাশ সানা (৫১), প্রকাশের স্ত্রী তুলসি সানা (৪২) ও ছেলে ইন্দ্রজিৎ সানা (১৪)।  

বিবেকানন্দ সানার অপর ভাইয়ের ছেলে নীতিশ সানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বড় ও সেজো জ্যাঠার পরিবার একই বাড়িতে থাকেন। মঙ্গলবার রাতে তারা স্থানীয় হায়াতখালী বাজার থেকে কেনা আম দিয়ে দুধ-ভাত খেয়েছিলেন। আর কিছু খাননি। 

তিনি আরও বলেন, রাতে তারা স্বাভাবিকই ছিলেন। কিন্তু ভোরের দিকে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। সবার পেটের সমস্যা শুরু হয়। একপর্যায়ে তাদের বারবার পাতলা পায়খানা, বমিভাব ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। 

অবস্থার অবনতি হতে থাকলে বুধবার বিকালে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

“বিশেষ করে জ্যাঠিমা লতিকা সানার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

চিকিৎসক সুজিত বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকতে পারে অথবা সংরক্ষণের সময় কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে দূষিত হতে পারে। যা খেয়ে তারা ফুড পয়জনিং ও তীব্র ডায়রিয়ায় আক্রান্ত হন।“

তবে মৃত্যু ও অসুস্থতার প্রকৃত কারণ জানতে নমুনা পরীক্ষা ও তদন্ত প্রয়োজন বলে জানান এ চিকিৎসক।