১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

১৫ অগাস্ট টিটিসির স্থান নিয়ে সভা শেষে এমপির গাড়িতে এ হামলা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 01:14 PM

Updated : 16 Sep 2026, 01:00 PM

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাত ১টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানিয়েছেন। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি বলেন, “সে এমপির গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

তমাল সরকার রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাগানবাড়ি এলাকার সিরাজ সরকারের ছেলে।

এদিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, এমপির গাড়িতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সোমবার জেলা বিএনপি নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে।

জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে ১৫ অগাস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় স্বেচ্ছাসেবক দল, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।