১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈশাখী মেলায় বন্ধুদের মধ্যে কথাকাটাকাটি, স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

এ ঘটনায় দুজনকে আটক করছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 04:42 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ময়মনসিংহের মুক্তাগাছায় এক স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়াম নামের ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।   

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে বলে মুক্তাগাছা থানা ওসি কামরুল ইসলাম জানান। 

নিহত সিয়াম একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা বলছেন, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলা চলছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। এ সময় কথাবার্তার এক পর্যায়ে বন্ধুদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। 

এ সময় সিয়ামকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যায় সিয়াম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যায় জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।