Published : 31 Mar 2026, 05:44 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ের আদিবাসী শিক্ষার্থীরা তাদের নববর্ষ উদযাপন উপলক্ষে পাঁচ দিনের ছুটি দাবি করেছেন।
সোমবার বিকালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বিজু, বৈসু, সাংগ্রাই (বৈসাবি), সানগ্রাইন, সাংক্রান, চাংক্রান উপলক্ষে এই ছুটি চেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামকে দেওয়া স্মারকলিপিতে সংগঠনটি এ দাবি জানিয়েছে।
স্মারকলিপিতে ১২ থেকে ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা এবং প্রতিবছর উৎসবের দিনগুলোকে ছুটি হিসেবে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করার দাবিও জানানো হয়।
পিসিপির রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমন চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রাম থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ উত্তরবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারা পড়াশোনা করছেন। কিন্তু তাদের প্রধান এই সামাজিক উৎসবের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরীক্ষা চলমান থাকে, যা আদিবাসী শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।”
তিনি বলেন, “ছুটির বিষয়ে বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, বিষয়টি প্রশাসনের এখতিয়ারভুক্ত। প্রশাসন সিন্ডিকেট সভায় উত্থাপন করলে তবেই তা অনুমোদন পেতে পারে।”
পিসিপির মহানগর শাখার সাধারণ সম্পাদক ময়ন্ত তঞ্চঙ্গ্যা বলেন, “প্রতিবছর স্মারকলিপি দেওয়ার পর প্রশাসন ছুটি ঘোষণার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বর্তমান প্রশাসন ও নবনিযুক্ত উপাচার্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেই আমরা প্রত্যাশা করছি।”