খাগড়াছড়িতে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তির প্রাণ গেছে।
তিনটহরী বাজারের পাশে সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মানিকছড়ির থানার ওসি মাসুদ পারভেজ জানিয়েছেন।
নিহত ৬০ বছর বয়সী মো. মোশারফ হোসেন মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার চান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা বলেন, ট্রাকটি তিনটহরী বাজার থেকে মহামুনির দিকে যাচ্ছিল। পথে দুলা মেম্বারের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার আরোহী মোশারফ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি মাসুদ পারভেজ জানিয়েছেন।
