Published : 10 Jul 2026, 05:21 PM
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে।
শুক্রবার বেলা ১২টার দিকে গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে মাটিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন জানান।
নিহত আব্দুল মালেকের বয়স ৬০ বছর।
এ ঘটনায় তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছেন।
নিহতের ছোট ভাই জলিল মিয়া বলেন, “বর্ষার কারণে রাস্তা ভেঙে যাওয়ায় পাশের বাড়ির ফজর আলী আব্দুল মালেকের বাড়ির বারান্দায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন। বৃহস্পতিবার রাতে চার্জ শেষে তিনি মাল্টিপ্লাগটি জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান।
“শুক্রবার দুপুরে মাল্টিপ্লাগ খুলতে গিয়ে আব্দুল মালেক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী ও ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।”
স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন বলে জানান জলিল।
ওসি শাহেদ উদ্দিন বলছেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান চলছে।