Published : 22 Aug 2025, 11:47 AM
খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে তিন যাত্রী নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলখানা ঘাট ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবু বক্কর।
তিনি বলেন, রাতে ভৈরব নদের জেলখানা ঘাট থেকে যাত্রীবাহী ট্রলারটি ছেড়ে মাঝ নদীতে গেলে ফেরির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা তিন যাত্রী নদীতে পড়ে যান।
নিখোঁজদের মধ্যে একজন রূপসা উপজেলার আইচঘাতী ইউনিয়নের বাসিন্দা। এছাড়া এক নারী ও শিশু নিখোঁজ রয়েছেন; তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ডুবুরিরা তাদের উদ্ধারে কাজ শুরু করেছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।