Published : 15 Apr 2026, 05:14 PM
সিলেটে হামের উপসর্গ নিয়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে একজন এবং বিকাল ৪টার দিকে আরেক শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
তিনি বলেন, “দশ মাস বয়সী শিশুটি হাম ছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত ছিল। সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।”
এ ছাড়া এদিন বিকাল ৪টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী আব্দুল্লাহর মৃত্যু হয় বলে হাসপাতালের উপপরিচালক চিকিৎসক মাহবুবুর রহমান জানান।
সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে এ রোগের উপসর্গ নিয়ে মোট ১০৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
এদের মধ্যে ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নয়জন।
স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, বুধবারের আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৩ রোগীর ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৪৫ জনের হাম শনাক্ত হয়েছে।