১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তার বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আদালতে মামলা হয়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুটুক্তির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) রোমানা আক্তার এ পরোয়ানা জারি করেন।

মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে দুবারের সংসদ সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন। 

২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান বলেন, মুরাদ হাসান প্রতিমন্ত্রী থাকাকালীন ২০২১ সালে ইউটিউব ও ফেইসবুকের টক-শোতে খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তার বক্তব্যগুলো মিথ্যা, অশ্লীল ও কুরুচিপূর্ণ হওয়ায় ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে-উল্লেখ করে সরিষাবাড়ী উপজেলার ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও চেচিয়াবাঁধা গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন।

মামলার আরেক আসামি-টক’শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌরসভার এটিএম আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন হেলাল নাহিদ।

মনিরুজ্জামান বলেন, চলতি বছরের ১৯ মে মামলাটির শুনানি হয় এবং ২৪ মে মুরাদ হাসান ও টক-শো’র উপস্থাপকের বিরুদ্ধে সমন জারি করে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনমাসেও তারা হাজির হননি।

এ কারণে আদালত মুরাদ হাসান ও হেলাল নাহিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান তিনি।